
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে একটি মাদরাসার শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় অবস্থিত সংসদ সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, সোমবার এমপির বাড়ির বিপরীতে অবস্থিত আল মাদরাসাতুল শারইয়্যাহ-এর কয়েকজন শিশু শিক্ষার্থীকে অনন্যা মারধর করেন। পরে মঙ্গলবার সকালে তিনি আবারও শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে তিনি একজন অভিভাবকের মাথায় তালা দিয়ে আঘাত করেন।
এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করেন। বিক্ষোভ চলাকালে কিছু মানুষ বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপে বাড়ির জানালার কাচ ভাঙার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা। তিনি দাবি করেন, তাদের মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। তার ভাষ্য অনুযায়ী, মাদরাসা বন্ধ থাকার পরও কিছু শিশু সেখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এ বিষয়ে প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের পরিবারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে এবং বাড়িতে হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এমপির পরিবারের সদস্যদের সঙ্গে মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার এবং বিষয়টির সমাধানের চেষ্টা করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করছে।