
রংপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে আটক হয়েছেন এক ভুয়া পরীক্ষার্থী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। একই সঙ্গে ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ জালিয়াত চক্র রয়েছে কি না, তা তদন্ত করছে প্রশাসন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিআরটিএ ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর মডেল মসজিদের নিচতলায় অবস্থিত বিআরটিএ পরীক্ষাকেন্দ্রে ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান এক পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় গোপন করে অন্য একজনের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন।
আটক ব্যক্তি পীরগাছা উপজেলার কদমতলা এলাকার ইকবাল হাসান রাকিব। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বিআরটিএর অফিস সহায়ক মাসুমা আক্তারকে ধাক্কা দিয়ে পরীক্ষাকেন্দ্র থেকে পালিয়ে যান। পরে তার বিরুদ্ধে এবং যার হয়ে তিনি পরীক্ষা দিচ্ছিলেন—পীরগাছা উপজেলার দেউতি নাগদাহ এলাকার আব্দুল করিমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু হয়।
পরবর্তীতে বিষয়টি জানতে পেরে ইকবাল হাসান রাকিব ও আব্দুল করিম সোমবার রাতেই বিআরটিএ পরীক্ষাকেন্দ্রে এসে ভ্রাম্যমাণ আদালতের কাছে আত্মসমর্পণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান জানান, প্রক্সি পরীক্ষার অপরাধে ইকবাল হাসান রাকিবকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড এবং সরকারি কর্মচারীর দায়িত্ব পালনে বাধা দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় জালিয়াতির কোনো সুযোগ নেই। এ ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রংপুর বিআরটিএর সহকারী পরিচালক মো. শফিকুল আলম সরকার বলেন, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে পরিচয় যাচাইয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। কেউ অন্যের হয়ে পরীক্ষা দিতে এলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে যোগ্য চালক তৈরির জন্য পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।