
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খিদিরপুর এলাকায় একটি গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২৭ জুলাই) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন। দগ্ধ তিন শ্রমিক হলেন—দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার ইমন আহমদ, জায়েদ আহমদ এবং আকবর আলী। তারা বর্তমানে হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস ও আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গোডাউনে গ্যাস সিলিন্ডার লোড-আনলোড করার সময় একটি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ শুরু হয়। একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে কর্মরত তিন শ্রমিক দগ্ধ হন।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। একই সঙ্গে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শাহজালাল জানান, গোডাউনটিতে বিপুলসংখ্যক গ্যাস সিলিন্ডার মজুত ছিল। একাধিক সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
এদিকে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। ওসি আশরাফুজ্জামান বলেন, কী কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গোডাউনটিতে অবৈধভাবে গ্যাস রিফিলের কার্যক্রম চলছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং দায়ীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।