
ফেনী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ভারতীয় শাড়ি, চকলেট ও একটি মিনি ট্রাকসহ জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা।
রোববার (২৬ জুলাই) রাতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চকলেট এবং একটি মিনি ট্রাক। এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা। জব্দ করা মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।