
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেছেন, শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও যত্নবান হতে হবে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নতুন হলরুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে শিশুরা ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা ও মূল্যবোধ অর্জন করতে পারে। তিনি উল্লেখ করেন, সরকার ধীরে ধীরে প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষার বিষয়টিও নিশ্চিত করার উদ্যোগ নিচ্ছে।
বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। একই সঙ্গে শিক্ষা বিস্তার ও মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাস্টার্স পর্যন্ত মেয়েদের উপবৃত্তিসহ অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। নারীদের শিক্ষিত করে দেশের উন্নয়নে তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাদের দক্ষ ও শিক্ষিত মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন টিপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদর (পশ্চিম) বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন ঝন্টু, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের নতুন হলরুম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।