
মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন স্লোগানসংবলিত কুশপুত্তলিকা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) ভোরে এ ঘটনা সামনে আসার পর এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, র্যাব ক্যাম্প এবং পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কের পাশে ইন্টারনেটের তারে ঝুলন্ত অবস্থায় কুশপুত্তলিকাগুলো দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, খড় দিয়ে তৈরি কুশপুত্তলিকাগুলো সাদা কাপড়ে মোড়ানো ছিল এবং গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। প্রতিটির বুকে লাগানো পোস্টারে এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতার ছবি সংযুক্ত ছিল।
পোস্টারগুলোতে ‘তরুণ সমাজকে ললিপপ ধরিয়ে দেশ নিল রসাতল’ এবং ‘এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন’—এমন বিভিন্ন স্লোগান লেখা ছিল।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে কারা বা কী উদ্দেশ্যে রাতের আঁধারে এসব কুশপুত্তলিকা ঝুলিয়ে রেখেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ কাজ করে থাকতে পারে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এনসিপির ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে গাংনীতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অংশগ্রহণে একটি পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই কর্মসূচির কয়েক ঘণ্টা আগে এ ধরনের কুশপুত্তলিকা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।