
আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।
রোববার (২৬ জুলাই) সংগঠনের সদস্যসচিব আশিকুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ না হলে প্রথমে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে।
সংগঠনটি জানায়, আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে। তবে সেই আলোচনা ফলপ্রসূ না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিবৃতিতে আশিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে সময়োপযোগী, বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামোর প্রত্যাশা করে আসছেন। কিন্তু এখনো নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণে সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন। তার মতে, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমানের উন্নয়ন ঘটবে, কর্মদক্ষতা বাড়বে এবং জনসেবার মানও আরও উন্নত হবে।
আশিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি সবসময় শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক কর্মসূচিতে বিশ্বাসী। তাই প্রথমেই সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে।
তবে আলোচনায় ইতিবাচক ফল না এলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ রক্ষায় পরবর্তী করণীয় নির্ধারণ করে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।