
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন বাস্তবায়নে দেশজুড়ে পরিচালিত এক সপ্তাহের বিশেষ অভিযানে ১৪ হাজার ৯৭০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৪৩৭ জন আবাসন আইন, ৩ হাজার ৫৪২ জন শ্রম আইন এবং ৩ হাজার ৯৯১ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
এ সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে আরও ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার, ৩৭ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় ৩৩ জনকে আটক করা হয়েছে। আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ বা গোপনে সহায়তা করার অভিযোগে আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আইন লঙ্ঘনের অভিযোগে ৩০ হাজার ৫৪৬ জনের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮৯ জন নারী।
একই সঙ্গে ১৭ হাজার ৭৪৭ জনকে প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এছাড়া ৬ হাজার ১১৩ জনকে নিজ দেশে ফেরার ভ্রমণ বুকিং সম্পন্ন করার প্রক্রিয়ায় রাখা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ১৩ হাজার ২৫১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ অবস্থান, শ্রম আইন লঙ্ঘন এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত অপরাধ দমনে সৌদি কর্তৃপক্ষের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।