
জুলাই অভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। ওমর ফারুক যুবরাজের নেতৃত্বে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে অনুষ্ঠিত জাতীয় যুবশক্তির কনভেনশনে এই যোগদান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় মুখ্য সংগঠক ওমর ফারুক যুবরাজের নেতৃত্বে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনের আহ্বায়ক, সদস্যসচিব এবং অন্যান্য নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা একযোগে এনসিপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল, সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রিফাত নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আক্তার হোসেন, নুসরাত তাবাসসুম, হান্নান মাসুদ, গাজী সালাহউদ্দিন তানভির, মাহিন সরকার, নাসীরউদ্দীন পাটোয়ারীসহ দলের অন্যান্য নেতারা।
নবাগতদের পক্ষে বক্তব্য দেন ওমর ফারুক যুবরাজ, রবিউল আলম আকামিন, বাদশা, তাজরিয়ান মাহমুদ এবং মাহমুদ হাসান তুহিন। তারা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা এনসিপির মাধ্যমে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠিত করা, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওমর ফারুক যুবরাজ। তার নেতৃত্বেই আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।