
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর একটি প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৪ জুলাই) ভোরে সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন মাথাভাঙ্গা নদী এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর ৫টা ১০ মিনিটের দিকে জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহলরত বিজিবি সদস্যরা নদীপথে কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখেন।
বিজিবির ভাষ্য অনুযায়ী, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা দুইজন পুরুষ, চারজন নারী এবং দুইজন ট্রান্সজেন্ডারসহ মোট আটজন অজ্ঞাত ব্যক্তিকে মাথাভাঙ্গা নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন।
তাৎক্ষণিকভাবে বিজিবির টহলদল ঘটনাটি শনাক্ত করে এবং সীমান্তে কঠোর অবস্থান নেয়। এর ফলে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিজিবির বাধার মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। এতে পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয় বলে জানিয়েছে বাহিনী।
বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার রাখার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।