
স্কটল্যান্ডের গ্লাসগোয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ২৩তম কমনওয়েলথ গেমস। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক ক্রীড়া আসরের উদ্বোধন করেন। আগামী ২ আগস্ট পর্যন্ত চলবে ১১ দিনের এই প্রতিযোগিতা।
চতুর্থবারের মতো কমনওয়েলথ গেমস আয়োজন করছে স্কটল্যান্ড। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে গ্লাসগো উৎসবের নগরীতে পরিণত হয়। দ্য রয়েল ফ্যামিলির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বোধনী আয়োজনকে ‘অবিশ্বাস্য সন্ধ্যা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। জমকালো সাংস্কৃতিক পরিবেশনা, আলোকসজ্জা ও বর্ণিল আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
এবারের আসরে ৭৪টি দেশ ও অঞ্চলের তিন হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। তারা ১০টি মূল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি ৬টি প্যারা ইভেন্টও অনুষ্ঠিত হবে, যেখানে প্যারা অ্যাথলেটরাও নিজেদের সেরাটা প্রদর্শনের সুযোগ পাবেন।
১৯৩০ সালে যাত্রা শুরু করা কমনওয়েলথ গেমস বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বহুজাতিক ক্রীড়া প্রতিযোগিতা। চার বছর পরপর অনুষ্ঠিত এই আসরে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সেরা অ্যাথলেটরা অংশ নেন। এবারের প্রতিযোগিতা ২৩ জুলাই শুরু হয়ে ২ আগস্ট পর্দা নামবে।
বাংলাদেশও এবারের কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে। দেশের হয়ে ১৭ জন অ্যাথলেট চারটি ভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সেরা পারফরম্যান্স দেখানোর লক্ষ্য নিয়েই গ্লাসগোয় নেমেছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা।
আগামী ১১ দিন বিভিন্ন ইভেন্টে উত্তেজনাপূর্ণ লড়াই, নতুন রেকর্ড এবং পদক জয়ের প্রতিযোগিতায় মুখর থাকবে গ্লাসগো। বিশ্বের কোটি কোটি ক্রীড়াপ্রেমীর নজর এখন ২৩তম কমনওয়েলথ গেমসের দিকে।