
বাংলাদেশের পাসপোর্টের বৈশ্বিক অবস্থানে ইতিবাচক পরিবর্তন এসেছে। ২০২৬ সালের মধ্যবর্তী হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উঠে এসেছে। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও। যদিও এবার র্যাংকিংয়ে উন্নতি হয়েছে, তবে আগাম ভিসা ছাড়াই বা সহজ ভিসা সুবিধায় ভ্রমণ করা দেশের সংখ্যা আগের বছরের তুলনায় কিছুটা কমে ৩৫টিতে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স তাদের ২০২৬ সালের মধ্যবর্তী Henley Passport Index প্রকাশ করে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়েছে। কোনো দেশের নাগরিকরা কতটি দেশে আগাম ভিসা ছাড়াই, ভিসা অন অ্যারাইভাল বা ই-ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতেই এই র্যাংকিং নির্ধারণ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৭টি দেশে সহজ ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারলেও এবার সেই সংখ্যা ৩৫টিতে নেমে এসেছে। তবে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০০তম থেকে ৯৭তম স্থানে উন্নীত হয়েছে। এর আগে ২০২৪ সালে বাংলাদেশ ছিল ৯৭তম, ২০২৩ সালে ১০১তম, ২০২২ সালে ১০৩তম এবং ২০২১ সালে ১০৮তম অবস্থানে।
বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসামুক্ত, ভিসা অন অ্যারাইভাল বা নির্দিষ্ট ক্ষেত্রে ই-ভিসা সুবিধায় যেসব দেশে ভ্রমণ করতে পারেন, সেগুলোর মধ্যে রয়েছে ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, সেশেলস, ফিজি, জামাইকা, বারবাডোস, বাহামাস, কম্বোডিয়া, ডোমিনিকা, গ্রেনাডা, রুয়ান্ডা, সামোয়া, টুভালু, ভানুয়াতুসহ মোট ৩৫টি দেশ।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এবারও সিঙ্গাপুর শীর্ষস্থান ধরে রেখেছে। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই), যাদের ভিসামুক্ত গন্তব্য ১৮৮টি। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন, যার নাগরিকরা ১৮৭টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান।
চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন। পঞ্চম অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ড। এছাড়া ষষ্ঠ স্থানে হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্য, সপ্তম স্থানে অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, নিউজিল্যান্ডসহ আটটি দেশ, অষ্টম স্থানে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া, নবম স্থানে লিচেনস্টেইন ও লিথুনিয়া এবং দশম স্থানে রয়েছে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮০ থেকে ১৮৬টি দেশের মধ্যে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান।