
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া তথ্য, প্রতারণামূলক অফার ও নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসটি।
মঙ্গলবার (২১ জুলাই) এক বার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, প্রতারক চক্র ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস ডিসকাউন্ট’ বা ‘এয়ার টিকিট অফার’ নাম ব্যবহার করে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রকাশ করছে। বিশেষ করে প্রবাসীদের লক্ষ্য করে কম মূল্যে বিমান টিকিটের প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করা হচ্ছে।
এ ছাড়া বিভিন্ন ভুয়া ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গ্রুপের মাধ্যমে নিয়মিত ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হচ্ছে বলে জানায় সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভাষ্য অনুযায়ী, এসব প্রতারক চক্র ভুয়া নিয়োগের আশ্বাস কিংবা স্বল্পমূল্যে বিমান টিকিট দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।
এ ধরনের প্রতারণা এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যেকোনো অফার, নিয়োগ বিজ্ঞপ্তি বা টিকিট সংক্রান্ত তথ্য যাচাই করে দেখার পাশাপাশি শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিসিয়াল মাধ্যম ব্যবহার করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।