
ইউরো ২০২৮ সামনে রেখে জাতীয় দলকে নতুনভাবে গড়ে তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। সেই পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলাকে ইতালির জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে আগ্রহী দেশটির ফুটবল কর্তৃপক্ষ।
ইতালির সদ্য নিয়োগপ্রাপ্ত স্পোর্টিং ডিরেক্টর ও কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। বিভিন্ন ইতালিয়ান গণমাধ্যম ও স্কাই ইতালিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বার্সেলোনায় গার্দিওলার সঙ্গে মালদিনির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ইতালির কোচিং স্টাফের সদস্য লিওনার্দোও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নন গার্দিওলা। এর আগে তিনি জানিয়েছিলেন, দীর্ঘদিনের ব্যস্ততার পর আপাতত কিছুটা চাপমুক্ত সময় কাটাতে চান। তবে ইতালির ফুটবলের সঙ্গে তার দীর্ঘদিনের আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে। খেলোয়াড়ি জীবনে ব্রেসিয়া ও রোমার হয়ে খেলায় দেশটির ফুটবল সংস্কৃতির সঙ্গে তার বিশেষ সংযোগ তৈরি হয়েছিল।
সেই সম্পর্ককেই কাজে লাগিয়ে গার্দিওলাকে ইতালির জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ফুটবলে ইতালির পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। টানা বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের নতুন করে শক্তিশালী দল গঠনের পরিকল্পনা করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তাদের লক্ষ্য, ইউরো ২০২৮ এবং ভবিষ্যতের আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে আবারও শিরোপার লড়াইয়ে ফেরা।
যদিও ইতালির কোচ হওয়ার সম্ভাব্য তালিকায় রবার্তো মানচিনি ও আন্দ্রেয়া পিরলোর নামও আলোচনায় রয়েছে, তবে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইতালির প্রথম পছন্দ বা ‘প্ল্যান এ’ হিসেবে রয়েছেন পেপ গার্দিওলা।
তবে এখন পর্যন্ত ইতালিয়ান ফুটবল ফেডারেশন কিংবা গার্দিওলার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।