
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) রাত থেকে ভিডিওটি ব্যাপকভাবে আলোচনায় আসে এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও ও সিসিটিভি ফুটেজে একটি কক্ষে গাজী নজরুল ইসলামকে এক নারীর সঙ্গে দেখা যায়। ভিডিওতে তাকে মোবাইল ফোনে কথা বলতে এবং বিভিন্ন সময়ে ওই নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তে অবস্থান করতে দেখা যায়।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর প্রথমদিকে সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল দাবি করে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তবে পরবর্তীতে একাধিক তথ্য যাচাইকারী (ফ্যাক্টচেক) প্রতিষ্ঠানের অনুসন্ধানে দাবি করা হয়, ভিডিওটিতে এআই-নির্ভর সম্পাদনার প্রমাণ পাওয়া যায়নি এবং এটি বাস্তব ভিডিও।
প্রকাশিত তথ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে থাকা টাইমস্ট্যাম্প অনুসারে ভিডিওটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়েছিল। তবে এটি ঠিক কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে গাজী নজরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বলেন, ভিডিওতে থাকা নারী গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’। তার দাবি, প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এলো, সে বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।
দ্বিতীয় বিয়ের সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিয়ের নির্দিষ্ট তারিখ তিনি নিশ্চিত করতে পারেননি। তবে তাদের জানানো হয়েছে, বেশ কিছুদিন আগেই বিয়েটি সম্পন্ন হয়েছিল।
এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। তবে ভিডিওটির প্রকাশ, ধারণের স্থান এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।