
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বৃত্তি ও গবেষণায় উৎসাহ দিতে ২০ লাখ টাকার দুটি নতুন ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। সোমবার (২০ জুলাই) উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাস্ট ফান্ডের জন্য অনুদানের চেক হস্তান্তর করা হয়।
নতুন দুটি তহবিলের নাম ‘ড. মাজিদ বৃত্তি ট্রাস্ট ফান্ড’ এবং ‘রোজি আনোয়ারা মাজিদ ট্রাস্ট অ্যাওয়ার্ড’। এ দুটি ফান্ডের জন্য মোট ২০ লাখ টাকা অনুদান দেন ড. মোহাম্মদ আব্দুল মজিদ ও আফরোজা চৌধুরী। অনুষ্ঠানে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের হাতে অনুদানের চেক তুলে দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ‘ড. মাজিদ বৃত্তি ট্রাস্ট ফান্ড’-এর জন্য ১০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই তহবিলের আয় থেকে প্রতিবছর পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী দুই শিক্ষার্থীকে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অবস্থায় এককালীন ৪০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।
অন্যদিকে ‘রোজি আনোয়ারা মাজিদ ট্রাস্ট অ্যাওয়ার্ড’-এর জন্যও ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এ তহবিলের আয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য মাসিক ৩ হাজার টাকা হারে গবেষণা বৃত্তি প্রদান করা হবে। এতে প্রত্যেক শিক্ষার্থী বছরে মোট ৩৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ নেওয়ায় দাতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে আসছেন, যা অত্যন্ত ইতিবাচক। গবেষণা, উদ্ভাবন এবং উচ্চশিক্ষার মান উন্নয়নে তাদের আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রগতিতে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা অবকাঠামো উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি সংরক্ষণ, গবেষণা তহবিল বৃদ্ধি এবং নতুন উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে তাদের সহযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিউল আলম, অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ, অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনশী শামস উদ্দিন আহম্মদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নতুন এই দুটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আরও বেশি উৎসাহিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।