
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১০। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। তবে অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুই সন্দেহভাজন মাদক কারবারি।
সোমবার (২০ জুলাই) সকালে র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর আড়াইটার দিকে মালিগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান ঘিরে ফেললে গাড়ির সঙ্গে থাকা দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক তপন সরকার জানান, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, পালিয়ে যাওয়া ব্যক্তিরা একটি পেশাদার মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গা এবং দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
তিনি আরও জানান, পলাতক দুই মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া গাঁজা এবং জব্দ করা কাভার্ড ভ্যান আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক পাচার ও সরবরাহ চক্রের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।