
জুলাই আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আহত শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। ফিন্যান্স কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন পায়।
সোমবার (২০ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে গত ২২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের প্রস্তাব অনুমোদিত হয়। এর মাধ্যমে জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে আর্থিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে আন্দোলনে আহত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
এদিকে, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, অনুষদ, বিভাগ এবং ইনস্টিটিউটেও পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক স্মারক সংকলন প্রকাশ, সেমিনার, স্মৃতিচারণা ও আলোচনা সভা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিতর্ক প্রতিযোগিতা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এসব আয়োজনের মাধ্যমে জুলাই আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হবে।