
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকার জোড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, সকালে ঢাকামুখী সেলফি পরিবহনের একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে বাসটির চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দুই ব্রিজের মাঝখানে খালে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ছাদের একটি অংশ খুলে পড়ে। ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনার কারণ এবং নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।