
বাগদানের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও শোবিজ অঙ্গনে যখন চলছে নানা আলোচনা, ঠিক তখনই নতুন কিছু ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন তিনি। সাদা রঙের ওপর সবুজ-নীল নকশার সালোয়ার-কামিজে, প্রকৃতির সবুজ পরিবেশে খোলা চুল ও হাস্যোজ্জ্বল উপস্থিতিতে ধরা দেন এই অভিনেত্রী।
ছবিগুলোর ক্যাপশনে পূজা লিখেছেন, “Becoming a better version of myself, one smile at a time.” অর্থাৎ প্রতিটি হাসির মধ্য দিয়ে নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।
ছবি প্রকাশের পরপরই পোস্টটিতে ভক্তদের ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়ের মধ্যেই হাজারো প্রতিক্রিয়া ও অসংখ্য মন্তব্য জমা হয়। অনেকেই পূজার নতুন লুক, স্বাভাবিক সৌন্দর্য ও প্রাণবন্ত উপস্থিতির প্রশংসা করেছেন।
তবে নতুন ছবির পাশাপাশি অভিনেত্রীর ব্যক্তিজীবন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি রহস্যময় স্টোরিকে কেন্দ্র করে আবারও বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, পারিবারিকভাবে অনেক আগেই তার বাগদান সম্পন্ন হয়েছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি পূজা চেরী।
এর আগে একটি পডকাস্টে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা জানান, তিনি বর্তমানে বিবাহিত নন। তবে তিনি এনগেজড। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ভবিষ্যতে বিয়ে করলে সেটি গোপনে নয়, সবার সামনে আনুষ্ঠানিকভাবেই জানাবেন।
এদিকে নতুন ছবির মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই অভিনেত্রী। ভক্তদের একাংশ তার নতুন লুকের প্রশংসা করছেন, অন্যদিকে অনেকেই অপেক্ষা করছেন তার বাগদান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার।