
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের কালাসিন (Kalasin) প্রদেশে প্রায় ১৫ কোটি বছর আগের একটি নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছেন দেশটির জীবাশ্মবিদরা। গবেষকদের বিশ্লেষণে এই নতুন উদ্ভিদভোজী ডাইনোসরের নাম রাখা হয়েছে উরাগাসরাস কালাসিনেনসিস (Uragasaurus kalasinensis)। আবিষ্কারটি জুরাসিক যুগের শেষভাগে দক্ষিণ-পূর্ব এশিয়ার জীববৈচিত্র্য সম্পর্কে নতুন তথ্য তুলে ধরবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রজাতির এই ডাইনোসরটি প্রায় ১৫ কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ করত। এর দৈর্ঘ্য ছিল প্রায় ২০ মিটার (৬৬ ফুট), যা একটি পূর্ণাঙ্গ ক্রিকেট পিচের সমান। প্রাণীটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এর অস্বাভাবিক দীর্ঘ গলা, যা সরোপড ডাইনোসরদের অন্যতম পরিচিত বৈশিষ্ট্য।
গবেষণার প্রধান লেখক এবং থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. আপিরুত নিলপানাপান জানান, ২০০৮ সালে এক স্থানীয় ব্যক্তি সাপের আঁশের মতো দেখতে কিছু জীবাশ্মের টুকরো খুঁজে পাওয়ার পর গবেষকদের নজরে আসে ফু নই এলাকা। এরপর সেখানে দীর্ঘ সময় ধরে খননকাজ চালিয়ে বিপুল পরিমাণ দাঁত, হাড় এবং অন্যান্য জীবাশ্ম উদ্ধার করা হয়।
গবেষকদের তথ্য অনুযায়ী, ওই স্থান থেকে উদ্ধার হওয়া জীবাশ্মের ৯০ শতাংশেরও বেশি ডাইনোসরের। এর মধ্যেই একটি বিশেষ ডরসাল ভার্টিব্রা (পিঠের মাঝামাঝি অংশের কশেরুকা) বিজ্ঞানীদের নতুন প্রজাতিটি শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সিটি স্ক্যান বিশ্লেষণে গবেষকরা নিশ্চিত হন যে এটি ম্যামেনচিসরিডি (Mamenchisauridae) পরিবারের একটি সরোপড ডাইনোসর। এই পরিবারের ডাইনোসরগুলো তাদের অত্যন্ত দীর্ঘ গলার জন্য সুপরিচিত। এর আগে এই পরিবারের অধিকাংশ জীবাশ্ম চীনে পাওয়া গেলেও থাইল্যান্ডে এটিই প্রথম এমন আবিষ্কার।
গবেষণায় আরও দেখা যায়, নতুন প্রজাতিটির কশেরুকায় ইংরেজি 'Y' আকৃতির ল্যামিনা এবং বাতাস ধারণকারী গহ্বরের একটি অনন্য বিন্যাস রয়েছে। গবেষকদের মতে, এই বৈশিষ্ট্য বিশ্বের অন্য কোনো পরিচিত ডাইনোসরের সঙ্গে মেলে না। তাই এটিকে সম্পূর্ণ নতুন একটি প্রজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
ড. আপিরুত নিলপানাপান মজার ছলে জানান, নতুন প্রজাতির বিষয়টি নিশ্চিত হওয়ার আনন্দে তিনি নিজের কম্পিউটার ভেঙে ফেলেছিলেন। তার মতে, এটি শুধু থাইল্যান্ড নয়, পুরো দক্ষিণ-পূর্ব এশিয়ার জীবাশ্ম গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।
গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী Nature Scientific Reports-এ প্রকাশিত হয়েছে। এর আগে চলতি বছরের মে মাসেও থাইল্যান্ডে নাগাটাইটান নামে আরেকটি বিশালাকার দীর্ঘ গলাবিশিষ্ট উদ্ভিদভোজী ডাইনোসরের সন্ধান পাওয়া যায়, যাকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসরগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিজ্ঞানীরা আশা করছেন, থাইল্যান্ডে চলমান জীবাশ্ম অনুসন্ধানের মাধ্যমে ভবিষ্যতে আরও নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান মিলতে পারে, যা পৃথিবীর প্রাগৈতিহাসিক জীববৈচিত্র্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য যোগ করবে।