
টানা বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লার বুড়িচং উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা নিতে ভিড় করেন শত শত মানুষ। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি আই ক্যাম্পে ৪৫০ জন চক্ষুরোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
শুক্রবার (১৭ জুলাই) উপজেলার শিকারপুর জামি’আ নূরে মোহাম্মদিয়া এতিমখানা কমপ্লেক্সে ষষ্ঠবারের মতো এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ, চশমা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়। চিকিৎসকদের পরামর্শে ৩৬ জন রোগীকে ছানি, টেরিজিয়াম, নেত্রনালির সমস্যা ও অন্যান্য জটিল চক্ষুরোগের অস্ত্রোপচারের জন্য নির্বাচন করা হয়েছে।
ক্যাম্প পরিচালনা করেন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক, অপটোমেট্রিস্ট, নার্স ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল টিম। চিকিৎসক দলে সাতজন সদস্য ছিলেন। শিকারপুর মাদ্রাসার শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।
চিকিৎসক দলের প্রধান, বসুন্ধরা আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ আহনাফ শাহরিয়ার বলেন, চক্ষু পরীক্ষার পর ৩৬ জন রোগীকে অস্ত্রোপচারের জন্য নির্বাচন করা হয়েছে। নির্বাচিত রোগীদের পরবর্তীতে ঢাকায় অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রোপচার, ওষুধ, থাকা-খাওয়ার ব্যবস্থা এবং যাতায়াত সুবিধা দেওয়া হবে।
দত্তপুর গ্রামের ৮০ বছর বয়সী হাজেরা আক্তার বলেন, কয়েকদিন ধরে তার চোখে ব্যথা ছিল এবং বাম চোখে দেখতে পাচ্ছিলেন না। ক্যাম্পে চিকিৎসকরা পরীক্ষা করে ওষুধ দিয়েছেন এবং কোনো অর্থ নেননি।
ভারেল্লা গ্রামের ৭০ বছর বয়সী আনু মিয়া জানান, স্ট্রোকের পর থেকে চোখে ব্যথা ও পানি পড়ার সমস্যা ছিল। ক্যাম্পে তিনি বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পেয়েছেন।
শিকারপুর গ্রামের আবদুর রহিম বলেন, তার ছানি ধরা পড়েছে এবং চিকিৎসকরা ঢাকায় নিয়ে বিনামূল্যে অপারেশনের আশ্বাস দিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের মানবিক দিকনির্দেশনা এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে হাজারো মানুষ দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে প্রতিষ্ঠিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট দেশের বিভিন্ন জেলায় নিয়মিত ফ্রি আই ক্যাম্প পরিচালনা করছে। এসব ক্যাম্পের মাধ্যমে প্রাথমিক চক্ষু পরীক্ষা, রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হচ্ছে।