
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানী ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার নতুন হার নির্ধারণ করেছে সরকার। এ বিষয়ে গত ১৫ জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন ভাতার হার ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মাসিক ২৫ হাজার টাকা মূল সম্মানী ভাতা পাবেন।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পঙ্গুত্বের মাত্রা অনুযায়ী ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—এই চারটি শ্রেণিতে নতুন ভাতা নির্ধারণ করা হয়েছে।
৯৬ থেকে ১০০ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘এ’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা মাসে ৩০ হাজার টাকা মূল ভাতা পাবেন। এর সঙ্গে ২ হাজার টাকা চিকিৎসা ভাতা এবং ৫ হাজার টাকা খাদ্য ভাতা যোগ হয়ে মোট নিয়মিত মাসিক সুবিধা হবে ৩৭ হাজার টাকা।
এছাড়া জীবিত ‘এ’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য অতিরিক্ত ৮ হাজার টাকা সহায়ক ভাতা নির্ধারণ করা হয়েছে। ফলে তারা জীবিত অবস্থায় প্রতি মাসে মোট ৪৫ হাজার টাকা পাবেন। তবে মৃত্যুর পর উত্তরাধিকারীরা এই অতিরিক্ত ৮ হাজার টাকার সহায়ক ভাতা পাবেন না।
৬১ থেকে ৯৫ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘বি’ শ্রেণির যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা মাসিক ২৮ হাজার টাকা মূল ভাতা পাবেন। চিকিৎসা ও খাদ্য ভাতাসহ তাদের মোট মাসিক সুবিধা হবে ৩৫ হাজার টাকা।
২০ থেকে ৬০ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘সি’ শ্রেণির যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মূল ভাতা নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার টাকা। চিকিৎসা ও খাদ্য ভাতা মিলিয়ে তারা মাসে মোট ৩০ হাজার টাকা পাবেন।
১ থেকে ১৯ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘ডি’ শ্রেণির যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা মাসে ২০ হাজার টাকা মূল ভাতা পাবেন। এর সঙ্গে ২ হাজার টাকা চিকিৎসা ভাতা এবং ৫ হাজার টাকা খাদ্য ভাতা যুক্ত হয়ে তাদের মোট মাসিক সুবিধা হবে ২৭ হাজার টাকা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বছরে দুটি উৎসব ভাতা পাবেন, যার প্রতিটির পরিমাণ হবে তাদের নিজ নিজ মূল ভাতার সমান। এছাড়া জীবিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা মহান বিজয় দিবসে ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষ উপলক্ষে ২ হাজার টাকা বিশেষ ভাতা পাবেন।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ধারা ৩-এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য এই নতুন সম্মানী ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা নির্ধারণ করেছে।