
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে আরও তিনজন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, ৫ জুলাই থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত মোট ১২৯ জন নিহত হয়েছে বলে তাদের দাবি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর এবং পুলিশ যৌথভাবে বেলুচিস্তানের দুর্গম ও পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করছে। স্থল ও আকাশপথে পরিচালিত এই অভিযানে বিভিন্ন সন্দেহভাজন ঘাঁটিতে হামলা চালানো হয় এবং বেশ কয়েকটি আস্তানা ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে স্বয়ংক্রিয় সাবমেশিনগান, রকেট লঞ্চার, মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে। আইএসপিআর দাবি করেছে, নিহতরা ভারতের সমর্থনপুষ্ট 'খাওয়ারিজ' গোষ্ঠীর সদস্য। তবে এ দাবির স্বাধীন কোনো যাচাইয়ের তথ্য প্রকাশ করা হয়নি।
আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এক ব্রিফিংয়ে জানান, চলতি মাসের শুরুতে বেলুচিস্তানের তিনটি পৃথক হামলায় বেসামরিক নাগরিক ও নিরাপত্তা সদস্যসহ অন্তত ৪২ জন নিহত হন। তার ভাষ্য অনুযায়ী, মাঙ্গি চেকপোস্টে হামলার সময় নিরাপত্তা বাহিনী দ্রুত প্রতিরোধ গড়ে তুলে হামলাকারীদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করে।
বিশ্লেষকদের মতে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। সীমান্ত এলাকায় সশস্ত্র হামলা, সংঘর্ষ এবং নিরাপত্তা অভিযান আগের তুলনায় বেড়েছে, যা দেশটির নিরাপত্তা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।