
সংবিধান সংস্কার নয়, বরং সংবিধান সংশোধন করতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বিষয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা কখনোই সংবিধান সংস্কারের কথা বলিনি, আমরা বলেছি সংবিধান সংশোধন করতে চাই।” তার মতে, এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।
তিনি বলেন, বর্তমান বিশ্বে বিভিন্ন স্থানে অস্থিরতা বিরাজ করছে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে দেশ গঠনের জন্য কাজ করছেন।
জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সনদে রাজনৈতিক দলগুলো একসঙ্গে স্বাক্ষর করেছে। তবে গণভোটের একটি অংশ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়নি। এছাড়া উচ্চকক্ষ গঠনের বিষয়েও বিএনপি কখনো একমত ছিল না বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য, রাজনৈতিক দলগুলো নিজেদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করবে—এমন বিষয় সনদে উল্লেখ রয়েছে। কিন্তু বর্তমানে সেই বিষয়গুলো ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।
মির্জা ফখরুল দাবি করেন, দেশের রাজনৈতিক সংস্কারের বিভিন্ন উদ্যোগ অতীতে বিএনপিই নিয়েছিল। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিএনপির উদ্যোগেই সংসদে পাস হয়েছিল। তার অভিযোগ, বর্তমানে বিরোধী অবস্থানে থাকা কিছু রাজনৈতিক দল মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে উসকে দেওয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনকে কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। বিএনপি তা হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে তিনি দাবি করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় বিএনপির প্রায় ৬০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, প্রায় ১,৭০০ জন গুম এবং কয়েক হাজার নেতাকর্মী নিহত হয়েছেন।