
সিরাজগঞ্জ কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক নেতা আমিনুল ইসলাম লিটনের (৪৭) মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম।
নিহত আমিনুল ইসলাম লিটন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, একটি মারামারি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তারের পর গত ৫ জুলাই তাকে সিরাজগঞ্জ কারাগারে হাজতি হিসেবে রাখা হয়। জেল সুপার জানান, কারাগারে আসার আগ থেকেই তিনি হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। সকাল পৌনে ৯টার দিকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
কারা প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পরে মঙ্গলবার বিকেলে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার বিষয়ে জেল সুপার রফিকুল ইসলাম বলেন, হাজতি আমিনুল ইসলাম লিটন দীর্ঘদিন ধরে হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে।