
দেশে হামের সংক্রমণ ও এর উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৯ জন শিশু।
সোমবার (১৩ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৬৫ জন শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৪ জন শিশু। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৯ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জন শিশুর হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৯৬ জন। সব মিলিয়ে এই সময়ে আক্রান্ত শিশুর সংখ্যা ১ হাজার ৯ জন।
হাসপাতাল ব্যবস্থাপনার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ৮৭৮ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১২ হাজার ৩৭৬ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৬১৩ জন।
এ সময়ে মোট ৯৫ হাজার ১৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ৯১ হাজার ৪৮৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী হাম প্রতিরোধী টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হাম-সদৃশ উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।