
বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে মেঘনা নদীতে বিএনপির নেতাকর্মীদের বহনকারী একটি ট্রলার ডুবে গেছে। তবে দ্রুত উদ্ধার তৎপরতার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রলারে থাকা প্রায় ৩০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হননি।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের মেঘনা নদীর বাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন দপ্তরি জানান, বরিশাল নগরীতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি এবং দলের সাংগঠনিক সভায় অংশ নিতে নেতাকর্মীরা লঞ্চে করে রওনা হয়েছিলেন।
পথিমধ্যে লঞ্চটি মেঘনা নদীর একটি চরে আটকে যায়। পরে যাত্রীদের ট্রলার ও ছোট নৌযানের (বোর্ড) মাধ্যমে আনা-নেওয়ার ব্যবস্থা করা হয়। এ সময় প্রায় ৩০ জন নেতাকর্মী বহনকারী একটি ট্রলার নদীর তীরে পৌঁছানোর আগেই ডুবে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতা এবং তাৎক্ষণিক উদ্ধার তৎপরতার মাধ্যমে ট্রলারে থাকা সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। এতে কোনো প্রাণহানি, আহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি।
খোকন দপ্তরি বলেন, ট্রলারটি ডুবে গেলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ট্রলারে থাকা সব নেতাকর্মী নিরাপদে উদ্ধার হয়েছেন এবং তারা বর্তমানে সুস্থ আছেন।
এই ঘটনার পর নদীপথে যাত্রী পরিবহনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীপথে যাতায়াতের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।