
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১৫ জুলাই একযোগে পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষর করেছেন।
নির্দেশনা অনুযায়ী, ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। একই সময়ে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি—এই তিন শ্রেণির সমন্বয়ে মোট পাঁচটি গাছের চারা রোপণ করতে হবে।
এ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় উপপরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অধিদপ্তর বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।