
টানা ভারি বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকা। রোববার (১২ জুলাই) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে গেছে।
সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ফার্মগেট, মালিবাগ, বাড্ডা, যাত্রাবাড়ী, ডেমরা, পুরান ঢাকা, শান্তিনগর, গুলিস্তান, মতিঝিল, পল্টন ও কাকরাইলসহ রাজধানীর বিভিন্ন এলাকায়। সড়কে পানি জমে থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে এবং অনেক স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অলিগলি ও নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলও ব্যাহত হচ্ছে।
গণপরিবহনের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অনেক যাত্রীকে দীর্ঘ সময় বাস বা রিকশার জন্য অপেক্ষা করতে হয়েছে। কোথাও কোথাও হাঁটুপানি মাড়িয়ে বাসে উঠতে দেখা গেছে যাত্রীদের। আবার কেউ কেউ বাধ্য হয়ে দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
অফিসগামী চাকরিজীবী সাইফ জানান, ভারি বৃষ্টিতে রাস্তাঘাট প্রায় ডুবে গেছে। যানবাহনের সংখ্যা কম থাকায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্য এক যাত্রী বলেন, বৃষ্টি হলেই রিকশা, সিএনজি ও বাসের সংকট দেখা দেয়। আর যেসব যানবাহন পাওয়া যায়, সেগুলোতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ভাড়া গুনতে হচ্ছে।
এদিকে বিভিন্ন এলাকায় চলমান খোঁড়াখুঁড়ির কারণে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সড়কের একাংশ কাটা থাকায় পানি জমে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ দেশের ১৭টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।