
জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)—এমন অভিযোগ উঠেছে। তবে স্থানীয় গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দ্রুত তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫/৮ এস সাব-পিলার এলাকা দিয়ে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রের তথ্য অনুযায়ী, ভোরে সীমান্তের লাইটপোস্টের আলো নিভিয়ে দিয়ে বিএসএফ সদস্যরা একজন বৃদ্ধ ও দুই নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি নজরে আসার পর সীমান্তে দায়িত্ব পালনকারী গ্রামবাসীরা তাদের আটকে দেন এবং তাৎক্ষণিকভাবে বিজিবিকে খবর দেন।
খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই তিনজনকে নিজেদের হেফাজতে নেন এবং সীমান্তের শূন্যরেখায় নিরাপত্তা জোরদার করেন। বর্তমানে ওই তিন ব্যক্তি নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন।
আটক ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হাফিজুর রহমান (৬৫)। প্রাথমিকভাবে জানা গেছে, তার বাড়ি নড়াইল জেলায়। তবে সঙ্গে থাকা দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম জানান, স্থানীয়দের সতর্কতার কারণেই পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। গ্রামবাসীরা দ্রুত ঘটনাটি প্রতিহত করে বিজিবিকে অবহিত করেন।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পরিস্থিতি স্বাভাবিক করতে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ চলছে। সংশ্লিষ্ট তিনজনের পরিচয় যাচাই এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।