
টানা ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম নগরীর কিছু এলাকায় নিরাপদ পানির সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্লাবনের পানি অনেক গ্রাহকের ভূ-গর্ভস্থ জলাধারে (আন্ডারগ্রাউন্ড রিজার্ভার) প্রবেশ করায় পানির মান ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে চট্টগ্রাম ওয়াসা।
শুক্রবার (১০ জুলাই) এক জরুরি বার্তায় সংস্থাটি জানায়, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নগরীর বিভিন্ন এলাকায় প্লাবনের পানি গ্রাহকদের ভূ-গর্ভস্থ জলাধারের পানির সঙ্গে মিশে তা পান ও দৈনন্দিন ব্যবহারের জন্য অনুপযোগী হয়ে পড়তে পারে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম ওয়াসা নগরবাসীকে তাদের বাড়ির আন্ডারগ্রাউন্ড ও ওভারহেড রিজার্ভার দ্রুত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সম্ভাব্য পানিবাহিত রোগ থেকে সুরক্ষার জন্য সব ধরনের পানি ভালোভাবে ফুটিয়ে পান করার পরামর্শ দেওয়া হয়েছে।
ওয়াসা জানিয়েছে, রিজার্ভার পরিষ্কার ও জীবাণুমুক্ত করার সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে গ্রাহকরা সংস্থার সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এ বিষয়ে সার্বক্ষণিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে সংস্থার চারটি মড (MOD) বিভাগ।
যোগাযোগ নম্বরগুলো হলো—
চট্টগ্রাম ওয়াসা বলছে, বন্যা ও জলাবদ্ধতার সময় নিরাপদ পানি ব্যবহার নিশ্চিত করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রিজার্ভার নিয়মিত পরিষ্কার রাখা, দূষিত পানি ব্যবহার থেকে বিরত থাকা এবং ফুটানো পানি পান করার মাধ্যমে পানিবাহিত রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।