
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ ওই সাতজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। ঘটনার পর দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার কালাইরাগ কাউয়ার টুক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ১২৫১ নম্বর সীমান্ত পিলারের ৩৩ নম্বর সাব-পিলারের পাশ দিয়ে নারী ও পুরুষ মিলিয়ে সাতজনকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল।
বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে টহলরত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করেন। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং সংশ্লিষ্ট সাতজনকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। ঘটনার সময় তারা কিছুক্ষণ দুই দেশের মধ্যবর্তী শূন্য রেখা ও ভারতীয় অংশে অবস্থান করছিলেন।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, কোম্পানীগঞ্জের কালাইরাগ বিওপি সংলগ্ন সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হলে বিজিবি তাৎক্ষণিকভাবে বাধা দেয়। এর ফলে বিএসএফ তাদের পরিকল্পনা থেকে সরে আসে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
তিনি আরও জানান, ঘটনার পর বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং নজরদারি আরও বাড়ানো হয়েছে।