
মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কূটনৈতিক তৎপরতায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে সরকার গুরুত্ব দিচ্ছে না।
তিনি আরও বলেন, দণ্ডিত একজন আসামির রাজনৈতিক বক্তব্য সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণে কোনোভাবেই বিবেচ্য নয়। বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ এবং আনুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কূটনৈতিক ঘাটতি নেই বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়েও কথা বলেন শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, এ ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত কূটনৈতিক সংলাপ চলছে এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।