
চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী করিমকে অফিসকক্ষে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। ছাত্রীকে শাসন করাকে কেন্দ্র করে বুধবার (৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে বলে বিদ্যালয় সূত্র জানিয়েছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে শৃঙ্খলার স্বার্থে শাসন করে চড় দেওয়ার অভিযোগ ছিল প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থীর বাবা সামসউর রহমান শুভ বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষিকার কক্ষে প্রবেশ করেন এবং তাকে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ করা হয়েছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিদ্যালয়ে উপস্থিত অন্যরা এগিয়ে এসে অভিযুক্ত ব্যক্তিকে সরিয়ে দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অভিযুক্ত সামসউর রহমান শুভর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান শিক্ষিকা কাবেরী করিম জানান, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে অনেক সময় শিক্ষককে প্রয়োজনীয় শাসন করতে হয়। তবে ঘটনার পর তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন এবং ভবিষ্যতে আবারও হামলার আশঙ্কা করছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর শিক্ষা অঙ্গনে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক, বিদ্যালয়ে শিক্ষকদের নিরাপত্তা এবং অভিভাবকদের আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অভিযোগ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেছেন