
চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার কয়েকদিন পর রাঙ্গুনিয়া থেকে মো. রাশেদুল আলম (৩৮) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঋণের চাপ থেকে বাঁচতেই আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার দক্ষিণ রাজানগর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে বিকেলে বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া রাশেদুল আলম হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। বিভিন্ন ব্যক্তির কাছে ঋণগ্রস্ত হয়ে তিনি কয়েকদিন আগে আত্মগোপনে যান এবং অপহরণের একটি পরিকল্পিত নাটক সাজানোর চেষ্টা করেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এ ঘটনায় গত ১ জুলাই তার স্ত্রী রীনা আক্তার স্বামী নিখোঁজ ও অপহৃত হয়েছেন দাবি করে হাটহাজারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে রাঙ্গুনিয়া থেকে উদ্ধার করে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদুল আলম ঋণের চাপ থেকে বাঁচতে আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজানোর কথা জানিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।