
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া এলাকায় অবস্থিত আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আসাদের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে বিদ্যালয় মাঠে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতা এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক আলী আসাদ দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের দাবি, এক সহকারী শিক্ষকের পারিবারিক জীবনে অস্থিরতা সৃষ্টির ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক নারীসংক্রান্ত অভিযোগও রয়েছে বলে মানববন্ধনে দাবি করা হয়। অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, বিভিন্ন অভিযোগের কারণে তিনি এর আগে একাধিক বিদ্যালয় থেকে বদলি হয়ে বর্তমানে এই বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।
মানববন্ধনে বক্তব্য দেন সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন। তিনি দাবি করেন, সাম্প্রতিক ঘটনার কারণে তিনি নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। প্রধান শিক্ষক আলী আসাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তার নিজের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত ২ জুলাই ছুটিকে কেন্দ্র করে প্রধান শিক্ষক আলী আসাদ ও সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। একই ঘটনায় সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।