
উত্তর কোরিয়া তাদের নতুন ৫ হাজার টন ধারণক্ষমতার যুদ্ধজাহাজ ‘কাং কন’ থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এসময় পরীক্ষাগুলো সরাসরি তদারকি করেন দেশটির নেতা কিম জং উন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, শুক্রবার ‘কাং কন’ ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌ-কামান, স্বয়ংক্রিয় কামান এবং ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থার পরীক্ষা চালানো হয়।
একই সঙ্গে কিম জং উন নির্দেশ দেন, আগামী দুই মাসের মধ্যে যুদ্ধজাহাজটিকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করতে। এর আগে গত বছরের জুনে জাহাজটি পানিতে নামানো হয়। তবে উদ্বোধনের আগে এটি একবার দুর্ঘটনার শিকার হয়েছিল।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া এই ডেস্ট্রয়ার থেকে পূর্ব সাগরের দিকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে তারা শনাক্ত করেছে।
কেসিএনএর ভাষ্য অনুযায়ী, এই পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ডেস্ট্রয়ারটিতে থাকা বিভিন্ন অস্ত্রব্যবস্থার কার্যকারিতা যাচাই করা।
এসময় কিম জং উন দেশটির প্রতিরোধক্ষমতা আরও জোরদার করতে এবং যুদ্ধ পরিচালনার সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্টদের প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান।
সব মিলিয়ে, নতুন এই যুদ্ধজাহাজ এবং অস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।