
সরকারি যে কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রচারণামূলক কাজে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার।
রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। এতে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকেই—ব্যবহার করা যাবে না।
মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এ নির্দেশনায় উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষর করেন। নির্দেশনাটি অনতিবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারণামূলক উপকরণ তৈরির ক্ষেত্রে মূল গুরুত্ব দিতে হবে সংশ্লিষ্ট অনুষ্ঠানের বিষয়বস্তুকে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক তথ্য উপস্থাপনের পাশাপাশি এমন নকশা করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য ও বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে।
মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠ প্রশাসনকে নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই নির্দেশনার ফলে সরকারি প্রচারণামূলক উপকরণে আরও পেশাদারিত্ব আসবে এবং মূল বার্তাকে গুরুত্ব দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে।