
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে সংঘটিত ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত মূল হোতা সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’ (৩৮)-কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২২ জুন সকালে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর পূবালী ব্যাংক শাখা থেকে রেহেনা বেগম (৫১) নামে এক নারী ১ লাখ ৪৩ হাজার টাকা উত্তোলন করেন। পরে তিনি সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে আলীনগর চা-বাগান এলাকার কালীমন্দিরের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চারজন ছিনতাইকারী তার পথরোধ করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও চেক ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর ২৩ জুন ভুক্তভোগী রেহেনা বেগম কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি পিবিআই মৌলভীবাজারের কাছে হস্তান্তর করা হলে তারা ছায়া তদন্ত শুরু করে।
তদন্তে পিবিআই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় তথ্য সংগ্রহের মাধ্যমে চক্রটির অবস্থান শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় মূল হোতা অনিক ওরফে ‘বটলা সেলিম’-কে চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় ছিনতাইয়ে ব্যবহৃত লাল রঙের একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে, যা ভুক্তভোগী শনাক্ত করেছেন বলে জানায় পুলিশ।
পুলিশ সুপার মো. জাফর হোসেন আরও জানান, গ্রেপ্তার সেলিমের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ অন্তত ৯টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পিবিআই জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। পুরো ছিনতাই চক্রকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।