
বর্তমান সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং আধুনিক কর্মবাজারের চাহিদা পূরণে মাধ্যমিক বিদ্যালয় পর্যায় থেকেই কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধুমাত্র জেনারেল শিক্ষার ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যেই সরকার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি জানান, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রোগ্রাম) মিড-ডে ফুড বা মধ্যাহ্নভোজ কর্মসূচি চালু করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, পুষ্টি নিশ্চিত করা এবং লেখাপড়ায় আগ্রহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও চালু রয়েছে, যাতে আর্থিক অসচ্ছলতার কারণে কেউ পড়াশোনা থেকে ঝরে না পড়ে। শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে কর্মমুখী করে গড়ে তোলার লক্ষ্যেই সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, আধুনিক কর্মসংস্থানের বাজারে শুধু একাডেমিক ডিগ্রি নয়, কারিগরি দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। এ কারণে দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানোর ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষ জনশক্তি হিসেবেও নিজেদের গড়ে তুলতে পারবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলা, সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়েও বক্তব্য দেন মন্ত্রী। তিনি বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং অন্যান্য সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হয়।
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন পানিসম্পদ মন্ত্রী। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা এবং দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি সরকারের শিক্ষা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।