
রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে জবাবদিহিতা নিশ্চিত করা এবং সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, একটি দেশের গণতন্ত্রের শক্তি অনেকাংশেই নির্ভর করে সেই দেশের গণমাধ্যম কতটা স্বাধীন ও শক্তিশালী তার ওপর। সাংবাদিকদের দায়িত্ব হলো সত্যকে নির্ভীকভাবে তুলে ধরা এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রভাবের কাছে নতি স্বীকার না করা।
তিনি বলেন, সাংবাদিকরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। রাজনীতিবিদরা কখনোই সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতেই পারে। সেই ভুলগুলো চিহ্নিত করে সংশোধনের সুযোগ তৈরি করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, অনেক সময় অনিয়ম বা দুর্নীতির সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা হামলা, হয়রানি ও নানা ধরনের চাপের মুখে পড়েন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এমন পরিস্থিতি কাম্য নয়। সাংবাদিকদের নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। কেউ ভালো কাজ করলে তার ইতিবাচক দিক যেমন তুলে ধরতে হবে, তেমনি দুর্নীতি, অনিয়ম ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশ করতে হবে। এতে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি জানান, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
তবে তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ বা প্রশাসনিক কাঠামো গড়ে তুললেই উন্নয়ন নিশ্চিত হয় না। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই জনগণ কাঙ্ক্ষিত সেবা পেতে পারে। তাই নতুন প্রশাসনিক ইউনিটগুলোকে কার্যকর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্রের বিকাশ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা মনে করেন, শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অপরিহার্য অংশ।