
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তেহরানে পৌঁছেছে। প্রতিনিধিদলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-সহ মোট ১০ জন সদস্য রয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় প্রতিনিধিদলটি ইরানের রাজধানী তেহরানে পৌঁছায়। বাংলাদেশ সময় দুপুর পৌনে ১টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রতিনিধিরা ইতোমধ্যে তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সমবেত হয়েছেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য গ্র্যান্ড মুসল্লায় আনা হয়েছে। সেখানে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত নাসীরুদ্দীন পাটওয়ারীর বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যরা ইরানের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে জানাজা কর্মসূচিতে অংশ নেবেন।
আগামীকাল শনিবার (৪ জুলাই) আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর আগামী ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে। জানাজা শেষে শনিবারই বাংলাদেশি প্রতিনিধিদলের দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।
আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
ইরানের এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে তেহরানে ব্যাপক আয়োজন করা হয়েছে। খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে দেশজুড়ে একাধিক রাষ্ট্রীয় কর্মসূচিও পালিত হচ্ছে।