
সিলেট থেকে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলং পর্যন্ত রেল যোগাযোগ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চলতি মাসের মধ্যেই বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলীরা সিলেট সফর করবেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (১ জুলাই) সন্ধ্যায় সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারে আয়োজিত একটি ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সিলেট-জাফলং রেল সংযোগ বাস্তবায়িত হলে পর্যটন খাতের পাশাপাশি পণ্য পরিবহনেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
তিনি জানান, সিলেট থেকে জাফলং পর্যন্ত ট্রেনের ওয়াগন চলাচল শুরু হলে এ রুটে কম খরচে এবং সহজে পণ্য পরিবহন করা সম্ভব হবে। একই সঙ্গে পর্যটক ও সাধারণ যাত্রীরাও আরও নিরাপদ, দ্রুত এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াতের সুযোগ পাবেন। এর ফলে জাফলংসহ আশপাশের এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন প্রকল্প নিয়েও কথা বলেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে প্রকল্পটির কাজ ধীরগতিতে চলছিল। বিশেষ করে সার্ভেয়ার সংকটের কারণে ভূমি অধিগ্রহণে বিলম্ব হচ্ছিল। তবে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিলেটে ছয়জন নতুন সার্ভেয়ার নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। ফলে দ্রুত ভূমি অধিগ্রহণ শেষ করে মহাসড়কের নির্মাণকাজ পুরোদমে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্বাস্থ্যসেবার উন্নয়নের বিষয়েও মন্ত্রী জানান, জৈন্তাপুর, গোয়াইনঘাট অথবা কোম্পানীগঞ্জ এলাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের বিষয়ে আলোচনা চলছে। এটি বাস্তবায়িত হলে বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।
এছাড়া জাফলং, রাতারগুল ও বিছনাকান্দিসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে ওয়াশব্লক নির্মাণের কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান। পর্যটকদের সুবিধা বাড়াতে যোগাযোগব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক সংকট নিরসনেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন মন্ত্রী।