
নজরুলবর্ষ উপলক্ষে জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশালকে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সিটি’ হিসেবে ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ নির্দেশনার কথা জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আরও বিস্তৃতভাবে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, নজরুল এ ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও বাংলাদেশের প্রতি তার ছিল গভীর ভালোবাসা। একইভাবে বাংলাদেশের মানুষও জাতীয় কবিকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে হৃদয়ে ধারণ করে।
প্রধানমন্ত্রী আরও বলেন, মাতৃভূমিকে ভালোবাসার অনুপ্রেরণায় কাজী নজরুল ইসলাম অন্যতম প্রধান দিশারি। দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার কবিতা, গান ও সাহিত্য মানুষের প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। বর্তমান সময়েও এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছেও নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম সমানভাবে প্রাসঙ্গিক বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, নজরুলবর্ষকে ঘিরে সারা দেশে জেলা, উপজেলা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বছরব্যাপী নানা আয়োজন সফলভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। এর মাধ্যমে জাতীয় কবির সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অপশক্তি বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও ঐক্যবদ্ধ থাকা বাঙালির চিরায়ত বৈশিষ্ট্য। পাশাপাশি তিনি বলেন, সরকার শুধু মানুষের নিরাপত্তাই নয়, কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয়, সেটিও নিশ্চিত করতে চায়। এ লক্ষ্য অর্জনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।