
সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে দেশের সব শিক্ষা বোর্ডে পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল কঠোর নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থা।
প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএমটি) শাখায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।
এবার এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। পরীক্ষা পরিচালনার জন্য সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার স্বচ্ছতা, সুষ্ঠু পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় সিসিটিভি মনিটরিং সেল গঠন করা হয়েছে, যেখান থেকে দেশের যেকোনো পরীক্ষাকেন্দ্রের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
নিরাপত্তা আরও জোরদার করতে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের বডি-ওর্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এর ফলে কেন্দ্রের সার্বিক কার্যক্রম রেকর্ড করা যাবে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের নজরদারি ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। পরীক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা-সংশ্লিষ্ট সবার সহযোগিতায় নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।