
টঙ্গী শিল্পাঞ্চলে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মোটরসাইকেলে অস্ত্রের মহড়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। একই সঙ্গে মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। বুধবার (১ জুলাই) টঙ্গী পূর্ব থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন টঙ্গীর পাগার এলাকার মো. মানোয়ার হোসেন (২৮), একই এলাকার কাজী তৌহিদুল ইসলাম সজিব (৩৫) এবং আমতলী কেরানীরটেক এলাকার রনি খা (৩৯)।
পুলিশ জানায়, গত ২৮ জুন টঙ্গীর পাগার এলাকায় সংঘটিত মোটরসাইকেল মহড়ার ঘটনা তদন্ত করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার বিবরণ অনুযায়ী, ২৮ জুন সকাল ১১টা ৫৭ মিনিটে টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় অবস্থিত একটি কারখানার সামনে কয়েক শ মোটরসাইকেলের বহর নিয়ে মহড়া দেওয়া হয়। এরপর ৮ থেকে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল কারখানার ভেতরে প্রবেশ করে প্রশাসনিক কর্মকর্তাকে তাদের অনুমতি ছাড়া ঝুট সরবরাহ না করার নির্দেশ দিয়ে চলে যায়। ঘটনাকালে কারখানার ভেতরে বিদেশি বায়ার উপস্থিত ছিলেন।
পরবর্তীতে এ ঘটনার সিসিটিভি ফুটেজ ও স্থিরচিত্র গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি মোটরসাইকেলের পেছনে বসা এক কিশোর দেশীয় লম্বা অস্ত্র প্রদর্শন করছে, আর মোটরসাইকেলটি চালাচ্ছেন মুখোশধারী একজন ব্যক্তি। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজনের পাশাপাশি ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী কিশোরসহ অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।