
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম বৈঠকে দেশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন উপজেলা হিসেবে অনুমোদন পেয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও।
পরিকল্পনা অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হবে। একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলাকে পুনর্বিন্যাস করে বাঙ্গরা উপজেলা প্রতিষ্ঠা করা হবে। এছাড়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রশাসনিক সুবিধা বাড়াতে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা থানা প্রতিষ্ঠার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের অন্তর্ভুক্ত এলাকাগুলো ঢাকার প্রশাসনিক সীমানার মধ্যে আনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
সরকারের সংশ্লিষ্ট সূত্রের মতে, নতুন উপজেলা ও থানা গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রশাসনিক সেবা আরও সহজলভ্য করা, জনসেবার কার্যক্রম গতিশীল করা এবং উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
প্রশাসনিক পুনর্বিন্যাসের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পরবর্তী সময়ে প্রয়োজনীয় সরকারি প্রজ্ঞাপন ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে।