
উদ্বোধনের চার বছর পূর্তির আগেই পদ্মা সেতু থেকে টোল আদায়ে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৬ জুন থেকে ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে চলাচলকারী যানবাহন থেকে মোট ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে টোল থেকে অর্জিত অর্থ ব্যবহার করে সরকারের কাছে ঋণের ১৬টি কিস্তিতে মোট ২ হাজার ৫১৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। পাশাপাশি ৪৩৬ কোটিরও বেশি টাকা ভ্যাট পরিশোধ করা হয়েছে এবং ঋণের কোনো কিস্তি বকেয়া নেই।
সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন থেকে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়। সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন পারাপার করেছে।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, পদ্মা সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ, অর্থনীতি ও বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন এনেছে। একই সঙ্গে সেতুর রক্ষণাবেক্ষণ, পরিচালনা এবং ঋণের কিস্তি নিয়মিতভাবে পরিশোধ করা হচ্ছে।
তিনি আরও জানান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও অর্থ বিভাগের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ১ শতাংশ সুদে ৩৫ বছরে মোট ৩৬ হাজার কোটি টাকা পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। এই অর্থ প্রতি অর্থবছরে চারটি করে মোট ১৪০টি কিস্তিতে পরিশোধ করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পদ্মা সেতুর নিরাপত্তা, আন্তর্জাতিক মানের রক্ষণাবেক্ষণ এবং স্বয়ংক্রিয় টোল ব্যবস্থাপনা আরও উন্নত করতে কাজ চলছে। পাশাপাশি ইউনিফায়েড ন্যাশনাল ইটিসি ফ্রেমওয়ার্ক (ইউএনইএফ) বাস্তবায়নের মাধ্যমে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও ডিজিটাল করার উদ্যোগ অব্যাহত রয়েছে