প্রিন্ট এর তারিখঃ Jul 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2026 ইং
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে আইসিএমপিডি প্রতিনিধিদলের বৈঠক
নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি)-এর প্রতিনিধিদল বৈঠক করেছে।
মঙ্গলবার (৩০ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আইসিএমপিডির ডেপুটি ডিরেক্টর জেনারেল ও ডিরেক্টর অব মাইগ্রেশন ডায়ালগস অ্যান্ড কো-অপারেশন সেদেফ ডিয়ারিং প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠকে নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর করার পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে নারী কর্মীদের অংশগ্রহণ বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, অভিবাসন ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। পাশাপাশি শ্রমিকদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, নতুন শ্রমবাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক মান অনুযায়ী দক্ষতা ও যোগ্যতার স্বীকৃতি অর্জনের বিষয়েও মতবিনিময় হয়।
বৈঠকে আরও আলোচনা হয়, বৈধ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাকে উৎসাহিত করতে এবং বিদেশগামী কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে। উভয় পক্ষ অভিবাসন খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বাস্তবমুখী প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক মত প্রকাশ করেন।
এ ছাড়া অভিবাসন ব্যবস্থাপনা আরও কার্যকর করতে একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে।
বৈঠকে আইসিএমপিডির চিফ অব স্টাফ রোমেড পারফলারও উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণকারী উভয় পক্ষ ভবিষ্যতে অভিবাসন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।